দৈনিক আজিজ:
'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন':
রুলের প্রতিবাদে আইনজীবিদের বিক্ষোভ
ট্রাইব্যুনাল ও বিচারকদের সম্পর্কে কিছু বলা হয়নি -খন্দকার মাহবুব হোসেন
স্টাফ রিপোর্টার : ট্রাইব্যুনালের রায় নিয়ে করা মন্তব্যে বিচারকদের সম্পর্কে কোন কিছু বলা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। কেননা বিচারক কোন মামলার সঙ্গে সম্পৃক্ত থাকেন না। তিনি থাকেন নিরপেক্ষ। তিনি বলেছেন যদি আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয় বা মিথ্যা সাক্ষ্য দেয়া হয় তবে এর জন্য যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। তা না হলে দেশে আইনের শাসন থাকবে না এবং কারো সাংবিধানিক নিরাপত্তা থাকবে না।
গতকাল রোববার বেলা পৌনে ১টায় বাংলাদেশ বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আমি ট্রাইব্যুনাল এবং বিচারকদের সম্পর্কে কোন মন্তব্য করি নাই। আমার বক্তব্য বিকৃত করে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, আদালতে আমার বক্তব্য কারো প্রতি হুমকি নয়। এটি একটি রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতা।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দু’বারের নির্বাচিত সভাপতি ও জনপ্রিয় আইনজীবী এই নেতা বলেন, বিচারক কোন মামলার সঙ্গে সম্পৃক্ত থাকেন না। তিনি থাকেন নিরপেক্ষ। মামলার বাদী, বিবাদী এবং যারা সাক্ষী দেন তারাই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকেন। বিচারক মামলার সাক্ষী প্রমাণ শুনে তা পর্যালোচনা করে রায় দেন। তার রায় বাদীপক্ষ কর্তৃক প্রদত্ত সাক্ষী প্রমাণের ওপর নির্ভর করে। আমাদের দ-বিধি আইনেও আদালতে মিথ্যা মামলা এবং সাক্ষী দেয়া দ-নীয় অপরাধ। তাই ভবিষ্যতে যদি দেখা যায় মিথ্যা মামলা তৈরি করে এবং মিথ্যা সাক্ষী দিয়ে ট্রাইব্যুনালে কাউকে সাজা দেয়া হয়েছে তবে অবশ্যই আইনত তাদের বিচারের সম্মুখীন হতে হবে।
এদিকে সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে দেয়া রুলের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মিছিল করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রুল জারির পরপরই মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ শাহজাদা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ শতাধিক আইনজীবী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রুল দিয়েছে তা অবৈধ ও পক্ষপাতদুষ্ট।
এ রুলের বিরোধিতা করে তারা বলেন, আমরা এ রুল মানি না মানব না। অবৈধ রুল বাতিল কর, করতে হবে। খন্দকার মাহবুবের বিরুদ্ধে দায়ের করা রুল বাতিল না করা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন